সারাদেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি : ২২ জানুয়ারি ২০২৬ , ৯:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ


নীলফামারীর ডিমলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় ডিমলা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুল বলেন, “ইসলামী ছাত্রশিবিরকে পরাজিত করার জন্য যুগে যুগে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো অপশক্তিই আমাদের দমিয়ে রাখতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নৈতিক বিজয়ই তার জ্বলন্ত প্রমাণ।”

তিনি আরও বলেন, “শাকসু নির্বাচন বারবার স্থগিত রেখে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই টালবাহানা আর সহ্য করা হবে না। অবিলম্বে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রশিবির সব সময় রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে। শাকসু নির্বাচন নিয়ে কোনো গড়িমসি হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রেজাউল করিম, রংপুর মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, ডিমলা উপজেলা শিবিরের সভাপতি মো. রহমত আলী এবং উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুলুসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

আরও খবর

Sponsered content