
দুই বছর আগে প্রথমবারের মতো ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। তখন নিউইয়র্ক থেকে শুরু করে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত ঘুরে বেড়ান তাঁরা। ছেলে জয়ের শৈশবে স্মরণীয় মুহূর্ত যুক্ত করতে সেই সফর হয়ে উঠেছিল এক আবেগঘন অভিজ্ঞতা।
এবার একইরকম দৃশ্য দেখা গেল অভিনেত্রী শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রুজভেলট আইল্যান্ডের এক শান্ত পার্কে দেখা গেছে শাকিব খান, বুবলী ও বীরকে একসঙ্গে ঘুরে বেড়াতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বুবলী ও ছোট্ট বীর। বাবার হাত ধরে হাঁটছে বীর, পেছনে মায়া ভরা চোখে হাঁটছেন মা বুবলী। পুরো দৃশ্যটি একেবারেই পারিবারিক—স্বাভাবিক এবং আবেগঘন।
বিভিন্ন সূত্র ধারণা করছে, নিউইয়র্কের জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে কিছু নিরিবিলি সময় কাটানোর উদ্দেশ্যেই রুজভেলট আইল্যান্ডকে বেছে নিয়েছেন শাকিব-বুবলী জুটি।
এর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়েও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। তখন তিনি বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।”
নতুন করে ছেলে বীরের সঙ্গেও এমনই কোনো স্মরণীয় স্মৃতি তৈরির চেষ্টাই হয়তো করছেন শাকিব খান—এবার বুবলীকে পাশে রেখে। দর্শকদের চোখে এই দৃশ্য ঢালিউড তারকাদের এক ভিন্ন পারিবারিক রূপই যেন ফুটিয়ে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।