
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৩)। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এপিবিএনের নিয়মিত অভিযানের সময় তাকে আটক করা হয়।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে দ্রুত আটক করা হয়। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩০০ গ্রাম এবং সঙ্গে ছিল ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল।
জব্দ করা স্বর্ণের মান ২১, ২২ ও ২৪ ক্যারেট। জিজ্ঞাসাবাদে নূরুল আলম পুলিশকে জানান, স্বর্ণগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনে এবং তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন।
এপিবিএন জানায়, চলতি বছরে এখন পর্যন্ত তাদের অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
আটক নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫/বি (১)(বি) ধারায় বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এয়ারপোর্ট এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,
“চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন নিয়মিত অভিযান চালাচ্ছে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।