প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২২:৪৩ প্রিন্ট সংস্করণ
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে, তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকেই শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না। ‘
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, ঢাকা থেকে সড়কপথে কচুয়া যাওয়ার পথে অনন্ত ২০টি স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী তাদের নেতা আ ন ম এহসানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে তোর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবি এবং শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. খান মাঈনউদ্দিন মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।




















