২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশের খেলা চলছে। কে জিতবে এবারের বিশ্বকাপ—এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সেই বিতর্কে এবার নিজেদের পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক সুপার কম্পিউটার মডেল, যেখানে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে উঠে এসেছে ফ্রান্স।
বিশ্বকাপে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে কয়েকটি দলকে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে। প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, শেষ বত্রিশে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড নিজেদের প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা ৮০ শতাংশেরও বেশি।
এই চার দলের প্রতিপক্ষ যথাক্রমে কেপ ভার্দে, অস্ট্রিয়া, সুইডেন ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
অন্যদিকে শেষ ষোলোর ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে। সেখানে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৬ দশমিক ৯১ শতাংশ। একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৫৬ শতাংশ।
শিরোপার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। পরিসংখ্যানভিত্তিক এই মডেলের হিসাব অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৬৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সম্ভাবনা তাদের ১৬ দশমিক ২৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের সম্ভাবনা ১৩ দশমিক ৪৭ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড, ৯ দশমিক ৬৮ শতাংশ সম্ভাবনা নিয়ে। শীর্ষ পাঁচে থাকা শেষ দল ব্রাজিল, তাদের সম্ভাবনা ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে শিরোপার সম্ভাবনা:
ফ্রান্স — ১৮.৬৬ শতাংশ
আর্জেন্টিনা — ১৬.২৬ শতাংশ
স্পেন — ১৩.৪৭ শতাংশ
ইংল্যান্ড — ৯.৬৮ শতাংশ
ব্রাজিল — ৬.৪৭ শতাংশ
এছাড়া নেদারল্যান্ডস (৫.১১ শতাংশ), পর্তুগাল (৪.৭৪ শতাংশ), জার্মানি (৪.৩৬ শতাংশ), কলম্বিয়া (৩.১৯ শতাংশ) এবং নরওয়ে (২.৯৫ শতাংশ) শিরোপার দৌড়ে থাকলেও তাদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে ইতোমধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস বাদ পড়েছে।
আয়োজক তিন দেশের মধ্যে সম্ভাবনা সবচেয়ে কম কানাডার, মাত্র ০.৪৭ শতাংশ। মেক্সিকোর সম্ভাবনা ১.৮১ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাবনা ২.৪৫ শতাংশ।
তবে বিশ্লেষকেরা মনে করিয়ে দিয়েছেন, এসব পূর্বাভাস কেবল পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি। নকআউট পর্ব শুরু হলে একটি মাত্র ভুল কিংবা একটি পরাজয়েই শেষ হয়ে যেতে পারে যে কোনো দলের বিশ্বকাপ স্বপ্ন। তাই বড় কোনো অঘটন পুরো টুর্নামেন্টের চিত্রই বদলে দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।