চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিল্পাঞ্চলে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত রয়েছে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।