সারাদেশ

শিশুদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান

  নওগাঁ প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬ , ১১:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

শিশুদের ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু। তিনি বলেছেন, “অশুভ শক্তিকে বিনাশ করতে সময় লাগলেও শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয়। সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে ও দুর্নীতি উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মঙ্গলবার দুপুরে মান্দা উপজেলার তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুস্থ জাতি ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে এমপি ইকরামুল বারি টিপু বলেন, “বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে উপযুক্ত বাজেট বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছেন।”

সমাবেশে বক্তারা মাদক ও বাল্যবিয়ের ভয়াবহ কুফল তুলে ধরেন। পাশাপাশি শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে করণীয় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় অতিথিরা বক্তব্য দেন। এ সময় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content