ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার অভিযোগ, শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করছে বিশেষ কোনো মহল। তাদের বক্তব্য ও ইঙ্গিতে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। কখনও বলা হচ্ছে তিনি হঠাৎ বাংলাদেশে ঢুকে পড়বেন, আবার তাঁর নেতাকর্মীদের কেউ কেউ প্রচার করছেন তিনি ৩০টি চার্টার্ড বিমান নিয়ে দেশে ফিরবেন। এমনকি কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে তাঁর দেশে ফেরার কথাও ছড়িয়ে দিচ্ছেন। এসব অসত্য প্রচারণায় বিভ্রান্ত ও অনুপ্রাণিত হয়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন আওয়ামী লীগের অবুঝ কর্মী-সমর্থকেরা। মূলত একটি বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার নাম ব্যবহার করে এই অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, বিশেষ কোনো মহলের স্বার্থে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে কি না, কিংবা আওয়ামী লীগের স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এছাড়া শেখ হাসিনার নামে সম্প্রতি যেসব অডিও বক্তব্য সামনে আসছে, সেগুলো আদৌ তার নিজের কি না, তা নিয়েও সংশয় রয়েছে। কারণ, এখন পর্যন্ত তার নিজস্ব কোনো ভার্চুয়াল বক্তব্য পাওয়া যায়নি।
আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তিনি (শেখ হাসিনা) সত্যি সত্যি দেশে ফিরতে চাইলে ভারতের সরকারের কাছে লিখিত আবেদন জানিয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে পারেন। আইনগতভাবে এটাই তার দেশে ফেরার একমাত্র সঠিক পন্থা। কিন্তু হেঁটে আসা, উড়োজাহাজে চড়ে আসা কিংবা ট্রাভেল পাস চাওয়া—এসব নিয়ে মশকরা করার কোনো সুযোগ নেই। অন্য কোনো অবৈধ উপায়ে তার দেশে আসার সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।