তানভীর সরদার, ঝিনাইদহ ১২ জানুয়ারি ২০২৬ , ৪:১১:৪৬ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ীঘর ও দোকানপাট ভাংচুরের শিকার হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) সকালে।
স্থানীয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে হাকিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান বাবু এবং দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে পাউরুটি খাওয়ার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে নারীও রয়েছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কিছু আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এলাকাতে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।”














