
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও আতঙ্কে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছেন সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বনজীবীরা। অভাবের কারণে সন্তানদের লেখাপড়াও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সুন্দরবনকে দস্যুমুক্ত করা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার দাবিতে খালি থালা ও কলস হাতে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরাক্লাব মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি হয়। এতে স্থানীয় বনজীবী পরিবারের গৃহবধূ, কিশোরী ও তরুণীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, বনদস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা সুন্দরবনে যেতে পারছেন না। উপার্জন বন্ধ থাকায় অনেক পরিবারে নিয়মিত খাবার ও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে।
সমাবেশে ময়না খাতুন ও লায়লা খাতুন জানান, আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারে নিয়মিত রান্না হচ্ছে না। বিলকিস বেগম, শেফালী বিবি ও রহিমা খাতুন বলেন, দস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অর্থকষ্টে খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া শাহিদা খাতুন ও হালিমা খাতুন জানান, অভাবের কারণে সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। দ্রুত সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।