
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে ওয়াব্দার রাস্তা ছিদ্র করা ও কেয়ারের রাস্তা কেটে লবণ পানি উত্তোলনের মাধ্যমে এলাকায় ক্ষতি সাধন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে কালিঞ্চী উত্তরপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আছিয়া বেগম, বিলকিস খাতুন, নাসিমা খাতুন, মমতাজ বেগম ও মো. আলমগীর ভাঙ্গী। বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার ভেটখালী গ্রামের মো. আবু নূর আমিনের ছেলে মো. সাহাবুদ্দীন আহম্মেদ দীর্ঘদিন ধরে ওয়াব্দার রাস্তা ছিদ্র করে এবং কেয়ারের রাস্তা কেটে মসজিদ ও কবরস্থানের পাশ দিয়ে লবণ পানি উত্তোলন করে মৎস্য চাষ করে আসছেন। এর ফলে এলাকায় মসজিদ, কবরস্থান, পুকুর, বসতবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা জানান, বর্ষা মৌসুমে লবণ পানির কারণে মসজিদ, কবরস্থানসহ আশপাশের এলাকা প্লাবিত হয়। লবণ পানির প্রভাবে স্থানীয়রা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, এ বিষয়ে প্রতিবাদ করায় ২০২১ সালের ৪ সেপ্টেম্বর সাহাবুদ্দীন আহম্মেদ তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাস্তা সংস্কারের সময় লবণ পানি উত্তোলনের পাইপটি বন্ধ করে দেওয়া হলেও চলতি বছরের ৩০ জানুয়ারি পুনরায় লবণ পানি উত্তোলনের চেষ্টা করা হয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাদের মারধর করা হয় এবং পরে আদালতে আরও একটি মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করা হয়।
এ মামলায় সাতক্ষীরা সদর উপজেলার মৃত ছবেদ আলী গাজীর ছেলে আব্দুল মজিদ, আব্দুল গফ্ফারের ছেলে শহিদ, আব্দুল গফুর গাজীর ছেলে হাফিজুর রহমান, মৃত নূর ভাঙ্গীর ছেলে আলম ভাঙ্গী, আহম্মদ আলীর ছেলে কালাম, মৃত ফরমান গাজীর ছেলে শাহিনুর রহমান, আনারুল ইসলামের স্ত্রী আছমা খাতুন, মুনছুর আলীর স্ত্রী নাছিমা খাতুনসহ আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে লবণ পানি উত্তোলন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনটি পরিচালনা করেন মো. আব্দুল মজিদ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।