
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শ্যামনগরের ৭১ নম্বর বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মৌসুমের কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী বনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বনজীবীদের সততা ও নৈতিকতার ওপর জোর দিয়ে বলেন, “সুন্দরবনে অসৎ পথে আয় করে পরিবারের উন্নতি সম্ভব নয়। মধু সংগ্রহে কেউ ভেজাল দেবেন না। কেউ ভেজাল দিলে আপনারাই তা প্রতিহত করবেন।”
তিনি আরও বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস মধু আহরণ। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ সময় তিনি বন বিভাগকে মৌয়ালদের সুবিধার্থে তদারকি জোরদারের নির্দেশ দেন।
অনুষ্ঠানে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমত উল্লাহ পলাশসহ স্থানীয় বনজীবীরা।
উদ্বোধনের মধ্য দিয়ে পারমিটধারী মৌয়ালরা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।