গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে রাস্তা নির্মাণের কথা বলে জমির মালিকদের সঙ্গে চুক্তি করার পর, সেই চুক্তির আড়ালে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, ফসলি জমি খনন এবং মৎস্য খামারের পাড় কেটে মাটি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে কয়েক ফুট গভীর করে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে আবাদি জমি, অন্যদিকে চরম হুমকির মুখে পড়েছে একটি মৎস্য খামারের অস্তিত্ব।
ঘটনাটি ঘটেছে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদরাসার পেছনে।
সরেজমিন দেখা গেছে, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির কাঁচা ধান নষ্ট করে মাটি খনন করা হচ্ছে। পাশাপাশি কেটে ফেলা হয়েছে স্থানীয় একটি মৎস্য হ্যাচারির পাড়ের একটি বড় অংশ। স্থানীয়দের দাবি, প্রায় ৩০ ফুট প্রশস্ত ওই পাড়ের অন্তত ২০ ফুট অংশ কেটে মাটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে মৎস্য খামারের পাড় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং খামারের সামগ্রিক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এখলাস উদ্দিন ঢালী, জুয়েল রানা, মোফাজ্জল মিয়া, ফাহাদ আহমেদ ও মহিউদ্দিন মারজানসহ কয়েকজনের সরাসরি সংশ্লিষ্টতায় এই মাটি উত্তোলন চলছে। রাস্তা নির্মাণের চুক্তিকে সামনে রেখে মূলত কৃষিজমি ও মৎস্য খামারের মাটির ব্যবসা ফেঁদে বসেছে এই চক্রটি।
ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ, রাস্তা নির্মাণ ও যাতায়াতের কথা বলে তাদের সঙ্গে লিখিত চুক্তি করা হয়েছিল। কিন্তু চুক্তিতে জমি গভীর করে খনন, ফসলি জমির মাটি বিক্রি কিংবা মৎস্য খামারের পাড় কাটার কোনো অনুমতি বা শর্ত ছিল না। অথচ চুক্তির শর্ত সম্পূর্ণ উপেক্ষা করে রাতের আঁধারে জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না তারা।
ভুক্তভোগী জমির মালিক লিটন জানান, "ধানিজমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার কথা বলায় আমি জমি দিতে রাজি হয়েছিলাম। প্রথমে বলা হয়েছিল, ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচল করবে এবং সামনে একটি প্রকল্পের মাটি কাটার কাজ হবে। কিন্তু এখন আমার জমি কয়েক ফুট গভীর করে কেটে ফেলা হচ্ছে এবং রাতের আঁধারে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। চুক্তিতে এমন কোনো শর্ত ছিল না।"
এদিকে, ক্ষতিগ্রস্ত মৎস্য খামারের মালিক সোহেল রানা বর্তমানে ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন। মুঠোফোনে তিনি জানান, বিষয়টি জানতে পেরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করে মাটি কাটতে নিষেধ করেছিলেন। কিন্তু তার নিষেধ সম্পূর্ণ উপেক্ষা করে খামারের পাড় কেটে ফেলা হয়েছে। তার অনুপস্থিতির সুযোগ নিয়েই এমন ধ্বংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এখলাস উদ্দিন ঢালী। তিনি দাবি করেন, "যেখান থেকে মাটি নেওয়া হবে, সেখানকার জমির মালিকদের সঙ্গে চুক্তি করেই রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তা সমান করার জন্য কিছু মাটি কেটে পাশে রাখা হয়েছে। কাজ শেষে ওই মাটি দিয়েই জমি সমান করে দেওয়া হবে। চুক্তির বাইরে কোথাও মাটি কাটা হয়নি।"
ভেকু মেশিনের মালিক জহিরুল ইসলাম বলেন, "এই মাটি পৌর ঈদগাহ মাঠে নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে।"
তবে এই দাবির সত্যতা অস্বীকার করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, "এমন কোনো অনুমতি আমি কাউকে দিইনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। বেআইনিভাবে কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর মনে বড় প্রশ্ন—রাস্তা নির্মাণের জন্য জমি ব্যবহারের চুক্তি থাকলেই কি কৃষিজমি খনন কিংবা মৎস্য খামারের পাড় কেটে ফেলার অধিকার কারও তৈরি হয়? রাস্তা নির্মাণের আড়ালে কৃষিজমির শ্রেণি পরিবর্তন, ফসল নষ্ট এবং মৎস্য খামারের পাড় কাটার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা। দ্রুত চুক্তির শর্ত যাচাই করে অবৈধ মাটি উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত জমি ও খামারের পাড় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।