
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ ও সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন ও সমিতির মধ্যে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ ছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষককে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন ধানের বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ৮৬০ জনকে শাকসবজির বীজ, ৩৫ জনকে লেবুর চারা, ১ হাজার ১৯৪ জনকে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।
পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৬০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, কৃষকের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ ক্রীড়া ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এসব সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।