মাগুরার শ্রীপুর উপজেলায় সরকারিভাবে পাওয়া জমিতে ঘর নির্মাণে বাধা এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ করেছেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ভূমিহীন বাসিন্দা সঞ্জয় মণ্ডল।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ ও তার ছেলে সজিব শেখ ঘর নির্মাণে বাধা দেওয়ার পাশাপাশি চাঁদা দাবি করেছেন। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী সঞ্জয় মণ্ডল জানান, তিনি একজন অসহায় ভূমিহীন ব্যক্তি। তার স্ত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত। সরকারিভাবে আবাসন প্রকল্পের আওতায় পাওয়া জমিতে আরও ছয়টি পরিবারের সঙ্গে তিনি বসবাস করছেন। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কয়েক বছর আগে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে প্রতিবেশী আলম শেখ ও তার ছেলে সজিব শেখ বাধা দেন।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি পুনরায় ঘর নির্মাণের চেষ্টা করলে একইভাবে বাধা দেওয়া হয় এবং ঘর নির্মাণের অনুমতি দিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া সরকারি জমির পাশের আরও কিছু জায়গা জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে আলম শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো সরকারি জমি দখল করিনি। ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) প্রভাস কুমার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষের সম্মতিতে দ্রুত জমি মাপজোখ করে যার যতটুকু প্রাপ্য, তা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।”
ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান এবং ভূমিহীন পরিবারের নিরাপদ বসবাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।