সারাদেশ

ষড়যন্ত্রের মুখেও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না — মাধবপুরে বিএনপি প্রার্থী ফয়সল

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার বিকেলে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত চৌমুহনী বাজারের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছি।”
তিনি জানান, এই ৩১ দফার লক্ষ্য—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশন সংস্কার, মানবাধিকার সুরক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি দমন।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী অপচেষ্টা চলছে দাবি করে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার নিজ নিজ ভোট নিজেকেই দিতে হবে।”

ক্ষমতায় গেলে সাম্য ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। চাঁদাবাজি–অত্যাচার কারও সহ্য করা হবে না।”
মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিয়ে তিনি আরও বলেন, “বেকারত্ব দূরীকরণ, নারীর স্বাবলম্বিতা এবং চা–বাগান শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।”

চা–শ্রমিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উদ্দেশে তিনি আহ্বান জানান, “ধানের শীষে ভোট দিন—আপনাদের সুখ–দুঃখে পাশে থাকতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content