
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে তিনি জানান, নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ দেখা গেছে। শুক্রবার রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিচালক বলেন, “তিনি বর্তমানে স্টেবল রয়েছেন। তবে ৪৮ ঘণ্টা না গেলে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। মস্তিষ্কে যে সামান্য রক্তক্ষরণ রয়েছে, তা ওষুধে ভালো হয়ে যাবে বলে আশা করছি।”
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জের সময় গুরুতর আহত হন নুর।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সহিংসতায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন। তারা দাবি করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কিছু স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়, ফলে জননিরাপত্তার স্বার্থে বলপ্রয়োগে বাধ্য হয় বাহিনী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।