
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ৩ জুন বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ প্রকাশের পর সচিব ফরহাদ হোসেন নিজের অবস্থান ব্যাখ্যা করতে বিভিন্ন মহলে যোগাযোগ করছেন। এদিকে অভিযোগ সংশ্লিষ্ট এক ইউপি সদস্যের মাধ্যমে কয়েকটি গণমাধ্যমে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট বিষয়ে তাদের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত ও বক্তব্য সংরক্ষিত রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সচিবের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে গেলে ভোগান্তির শিকার হতে হয়। সময়মতো অফিসে উপস্থিত না থাকা, সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করানো এবং অসদাচরণের অভিযোগও করেন তারা।
এছাড়া সরকারি অফিসে ধূমপানসহ প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগও তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সচিব ফরহাদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। তারা ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত সচিব ফরহাদ হোসেনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।