
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ’ নামকরণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর ভাইদের সঙ্গে নিয়ে নামফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতের অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা ও গুমের পাশাপাশি সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক প্রমাণিত হয়েছে। সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হবে।
পতিত শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। বর্তমান সরকার গণতন্ত্র ও মানবিকতায় বিশ্বাসী; তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, স্টেডিয়াম সংস্কারে ইতোমধ্যে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।
রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম জানান, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহত্তর রংপুরের জেলাগুলোর জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে শুধু রংপুর জেলার জন্যই সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এ ছাড়া যেকোনো এলাকায় থানা বা সরকারি প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে স্থানীয় জনগণের চাহিদাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।