
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তাঁর ছোট ছেলে রেজওয়ান আরেফিন সিদ্দিকী আয়োজিত স্মরণসভায় স্থানীয় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন; সে সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আকতার হামিদ সিদ্দিকী। ওই সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন স্থানীয়রা।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ২১ মার্চ গোয়েন্দা পুলিশ (ডিবি) মহাদেবপুরের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাঁকে খালাস দেন।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আরিফ হোসেন মণ্ডল। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মহাদেবপুরের মোল্লাকুড়ি মোড়ে তাঁর নামে প্রতিষ্ঠিত কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি বলে জানা গেছে। ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর নয় বছর পরও তাঁর রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।