দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। একই সঙ্গে প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘সংসদে সব ফাঁস করে দেব।’
গত শনিবার দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন আমির হামজা। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি সারা বাংলাদেশে আসার অধিকার থাকে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সবকিছু সংসদে ফাঁস করে দেব।’
তবে আমির হামজার এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিলের আয়োজক কমিটি।
গতকাল রোববার সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) জানানো হয়। মাহফিল স্থগিতের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আয়োজক কাই মাহফিলটি স্থগিত করেছে। হুঁশিয়ারি
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।