পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন চলছে। শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা এই শিক্ষার্থীর আজ সোমবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে গতকাল রোববার মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর নাম ঝুমুর আক্তার। জন্মতারিখ ২৮ মার্চ ২০১২ অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র ১৪ বছর। সে মাদ্রাসাটির সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।
মাদ্রাসা সুপার বরাবর দেওয়া লিখিত আবেদনে ঝুমুর জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এই বিয়ের আয়োজন করেছেন। সে বাল্যবিয়ে করতে চায় না, বরং পড়ালেখা চালিয়ে যেতে চায়। আবেদনে সে আকুতি জানিয়ে লেখে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে দিতে বাধ্য করছে। আমি লেখাপড়া করতে চাই। আমি এখন কোনোভাবেই বিয়ে করতে চাই না।’ প্রয়োজনে নিজের পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও সে সুপারের কাছে অনুরোধ জানায়। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
মাদ্রাসার সুপার মোড় হারুন অর রশিদ বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর বাইরে আমার করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।
গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করেন।
গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, আমি তো জানি না, আমাকে জানানো হয়নি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই, আমি তাদের সঙ্গে থাকি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর। সে হিসাবে ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার আয়োজন বাল্যবিবাহের পর্যায়ে পড়ে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, এ ধরনের বিয়ে প্রতিরোধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।