বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার বোরহান আহমেদ।
সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ডের সুবিধা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা, কৃষিঋণ মওকুফ এবং খাল খনন প্রকল্পের সুফল সম্পর্কে নারীদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্মজীবী নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। গুজব সম্পর্কে সচেতন থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেন বক্তারা।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।