প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

দেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক'র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপি'র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।
এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com