রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই জেলা প্রশাসনের এক নির্দেশনায় সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকেরা আগের মতো ভ্রমণ করতে পারবেন।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারীকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
পর্যটন সংশ্লিষ্টদের আশা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ঝিমিয়ে পড়া পর্যটন খাতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘টানা বৃষ্টি ও সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।