
ভোমরা স্থলবন্দর ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করতে পারেন—এমন গুঞ্জন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও বিশৃঙ্খলার অভিযোগ এনে সাতক্ষীরা শহরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সংগীতা মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত এলাকা ও স্থলবন্দর ব্যবহার করে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাতক্ষীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুল আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদীর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।