
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে তাসলিমা খাতুন নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত তাসলিমা খাতুন যশোর জেলার বেনাপোল এলাকার লোকমান মোড়লের ছেলে সাদ্দাম হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাসলিমাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
ঘটনার সময় নিহতের বড় মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই আবুল বাসার বলেন, “আমার চাচাতো বোন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে।
তিনি বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।