
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সদর থানার বিশেষ অভিযানে এ আম জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দেখা গেছে আমগুলো কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থায় পাকানো হয়েছিল।
ইউএনও অর্নব দত্ত বলেন, কৃষি বিভাগ পরীক্ষার পর নিশ্চিত হয় যে আমগুলো কৃত্রিমভাবে পাকানো এবং খাওয়ার অনুপযোগী। পরে বুধবার দুপুরে সেগুলো বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, জনস্বাস্থ্যের ক্ষতি রোধে এ ধরনের ভেজাল ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।