প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে ভিডিও বানানোর সময় সড়কে প্রান গেল যুবকের

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোস্তাকিমসহ তিন তরুণ একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, চলন্ত মোটরসাইকেলে ভিডিও বা ‘ভ্লগ’ (Vlog) তৈরি করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বড় গাছে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে উদ্ধার করে দ্রুত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ জানান, অতিরিক্ত গতি এবং অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com