
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘কয়লা পোড়ানো বন্ধ করো, পৃথিবীটাকে রক্ষা করো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং ‘গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনে তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৫ সালের প্যারিস চুক্তি কিংবা জাতিসংঘের বিভিন্ন জলবায়ু সম্মেলনে (কপ) বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা অঙ্গীকার করলেও বাস্তবে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমেনি। বরং অপরিকল্পিত জ্বালানি নীতি ও মুনাফালোভী ব্যবসায়িক স্বার্থের কারণে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকট আরও তীব্র হচ্ছে। এর সরাসরি ও সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ।
মানববন্ধনে জনকল্যাণ সংস্থার পরিচালক মারুফ হাসান বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেবল কাগুজে প্রতিশ্রুতি যথেষ্ট নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য খাতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।
বক্তারা আরও উল্লেখ করেন, মুনাফার চেয়ে মানুষের জীবন, পরিবেশের ভারসাম্য এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎকে প্রাধান্য দিয়ে জ্বালানি নীতি সাজাতে হবে। কর্মসূচি থেকে তরুণ কর্মীরা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।