প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
সাতক্ষীরা সেফটি ট্যাংকের ভিতরে ২জনের মৃত্যু, উদ্ধারে নেমে গুরুতর আহত ১জন

সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করতে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত পাড় (১৬)। আরাফাত স্থানীয় বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত গোলাম হোসেন (৩০) একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে এবং তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায় , বরেয়া গ্রামের হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে কয়েক দিন আগে একটি সেফটি ট্যাংক নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরে ট্যাংকটির ছাদের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খোলার জন্য ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। ভেতরে নেমেই বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় তিনি অচেতন হয়ে পড়েন।
বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন গোলাম হোসেন ও স্কুলছাত্র আরাফাত। কিন্তু ভেতরের বিষাক্ত গ্যাসে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করলে ঘটনাস্থলেই মহানন্দ ও আরাফাতের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বদ্ধ ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com