মাগুরার শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিচ্ছে। বিশেষ করে বাজারের সবজি, মাছ ও মাংস বিক্রয়কেন্দ্র এলাকায় পানি জমে থাকায় বিপাকে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে এ সমস্যার জন্য দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ ওই অংশে দ্রুত পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। বৃষ্টির পানি সরতে চার থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগে। পানি নেমে গেলেও রাস্তা কাদাময় হয়ে পড়ে, ফলে চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার কারণে তাদের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। পানি জমে থাকায় অনেক ক্রেতা বাজারে আসতে চান না, এতে বিক্রি কমে যাচ্ছে।
সবজি ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, “বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে চান না, ফলে আমাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়।”
ব্যবসায়ী বাদশা মোল্যা বলেন, “আগে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন ছিল। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই সমস্যা আরও বেড়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
আরেক ব্যবসায়ী সাহেব আলী বলেন, “সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি জমে। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”
বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক নওজেশ আলী বিশ্বাস বলেন, “বাজারে পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব।”
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, “বাজার কমিটি ও ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও বাজারের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।