
স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি ও মজুদের অভিযোগে রাম হাওলাদার (৩৬) নামে এক অসাধু জাল ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ অভিযান পরিচালিত হয়।
আটক রাম হাওলাদার সারিয়াকান্দি পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দির পাথারু হাওলাদারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির হোসাইনের যৌথ নেতৃত্বে সারিয়াকান্দি বাজারে এ অভিযান চালানো হয়। এসময় রাম হাওলাদারের দোকান ও বাসা থেকে ৭৫,৬০০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে সারিয়াকান্দি সেনা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, “চায়না দুয়ারী ও কারেন্ট জাল সরকারিভাবে নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে এসব জাল ব্যবহার করে মাছের উৎপাদন ধ্বংস করছে। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল উদ্ধার করে জনসম্মুখে কালিতলা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।