
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১১টি সেতু নির্মাণসহ ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে এক বার্তায় এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় গোয়াইনঘাটে আটটি এবং কোম্পানীগঞ্জে তিনটিসহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে সিলেটের এ তিন উপজেলায় ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ, গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
বার্তায় আরিফুল হক চৌধুরী আরও জানান, ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে এই তিন উপজেলায় আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ইতোমধ্যে ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে এবং প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন।
এ বরাদ্দ অনুমোদনের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই তিন উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।