নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৩০ নভেম্বর ২০২৫ , ৮:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ
সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলায় নিজের বাবার মৃত্যু হয়েছে— এমন গুরুতর অভিযোগ তুলেছেন চিকিৎসক নুরিয়া জাহান কেয়া। বিষয়টি বর্তমানে প্রশাসনের তদন্তাধীন রয়েছে।
ডা. কেয়া জানান, ভুল চিকিৎসা ও ইনসুলিনের ভুল ডোজ প্রয়োগের কারণে তার বাবার মৃত্যু হয়। শনিবার (২৯ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
তিনি বলেন, “আমার বাবা বেদার আহমেদ (৬৯) আল হারামাইন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসার সময় ভুল ইনসুলিন প্রয়োগে তার মৃত্যু হয়। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হাতে কোনো চিকিৎসা নথি দেয়নি। পরে প্রশাসনিক দপ্তরে গিয়ে জানলাম—ওষুধ প্রয়োগ সম্পর্কিত নথিতে ত্রুটি ও অসঙ্গতি ছিল।”
হাসপাতাল থেকে প্রদত্ত মৃত্যু সনদ নিয়েও প্রশ্ন তোলেন ডা. কেয়া, দাবি করেন— সেখানে মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হয়েছে।
বিষয়টি লিখিতভাবে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে উত্থাপন করলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। অভিযোগের প্রেক্ষিতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তের বিষয়ে আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে অনীহা প্রকাশ করে জানায়, “বিষয়টি তদন্তাধীন, তাই এ মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন নয়।”
সচেতন মহল মনে করছে, চিকিৎসা আস্থার মতো সংবেদনশীল একটি বিষয়ে এ অভিযোগের সুষ্ঠু তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন হলে তা হাসপাতালের জবাবদিহিতা এবং জনআস্থার পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।




















