
সিলেটে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছোট পরিসরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনেই সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
ম্যাচ শুরুর আগে কিংবা দিনের দুই ম্যাচের মাঝখানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসিবি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করতে পারে, যদিও এখনো শিল্পীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।
উদ্বোধনী আয়োজনের কারণে সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকা সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ পিছিয়ে বেলা ৩টায় শুরু হবে। একই সঙ্গে দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে, যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে, যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে।
এবারের বিপিএলে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে এবং ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। সিলেট পর্ব ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে এবং ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। বিপিএলের এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ শেষ পর্বের সব ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের দিন নির্ধারণ করা হয়েছে ২৩ জানুয়ারি।
বিসিবি সিলেট পর্বের টিকিটের মূল্যও প্রকাশ করেছে। গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। বোর্ডের আশা, সীমিত পরিসরে হলেও উদ্বোধনী দিনটি দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।