নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৩৬ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস।
জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারেই স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে তোলেন ১৪ রান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মাত্র ৮ বলে ১৫ রান করে বোল্ড হন ইমন।
এরপর দ্বিতীয় উইকেটে লিটন দাস ও তানজিদ তামিম গড়েন ৬৬ রানের জুটি। ২৪ বলে ২৯ রান করে ফেরেন তানজিদ। অন্যপ্রান্তে লিটন খেলেন অধিনায়কোচিত ইনিংস। মাত্র ২৬ বলে পূর্ণ করেন ফিফটি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অপরপ্রান্তে সাইফ হাসান ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।
এর আগে নেদারল্যান্ডসের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। এছাড়া ম্যাক্স ও’ডাউড ২৩, টিম প্রিংগেল ১৬ ও শরিজ আহমেদ করেন ১৫ রান।
বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসাররা। ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। এছাড়া সাইফ হাসান নেন ২ উইকেট ও মোস্তাফিজুর রহমান শিকার করেন ১ উইকেট। ডাচদের হয়ে আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল নেন ১টি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।