
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহর সিলেটের ছয়টি আসনে নারী ভোটারদের গুরুত্ব স্পষ্টভাবে বেড়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের দৃষ্টি কেন্দ্রীভূত হচ্ছে নারী ভোটারদের দিকে। পড়া-মহল্লা থেকে গ্রামগঞ্জ—প্রায় সব জায়গায় নারী নেতৃত্বের প্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার তৎপরতা বাড়িয়েছে প্রার্থীরা। লক্ষ্য—নারী ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ফল নির্ধারণে নারী ভোটাররাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। একাধিক রাজনৈতিক বিশিষ্টজন জানান, আওয়ামী লীগসহ তাদের শরিক দলগুলোর অংশগ্রহণ না থাকায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি হতে পারে। এতে ভোটের মাঠে দৃশ্যমান প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের ছয়টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। মোট ভোটারের প্রায় অর্ধেক—৪৮ দশমিক ৫ শতাংশ—নারী ভোটার; পুরুষ ভোটার ৫১ দশমিক ৫ শতাংশ।
নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, নারী ভোটার সবচেয়ে বেশি সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম সিলেট-২ আসনে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট-৬ আসন।
আসনভিত্তিক চিত্র:
সিলেট-১ আসনে মোট ভোটার ৬,৮০,৯৪৩ জন; নারী ৩,২৭,৭৪৭।
সিলেট-২ আসনে মোট ৩,৬৮,৯০০ জন; নারী ১,৮০,২৪০।
সিলেট-৩ আসনে মোট ৪,১৫,৯৬৬ জন; নারী ২,০৪,২৭৮।
সিলেট-৪ আসনে মোট ৫,১২,৯৩৩ জন; নারী ২,৪৫,৮০১।
সিলেট-৫ আসনে মোট ৪,২৮,৭৪৬ জন; নারী ২,০৭,৩৯০।
সিলেট-৬ আসনে মোট ৫,০৯,০৯১ জন; নারী ২,৫২,১৫৪।
সব মিলিয়ে, এবারের নির্বাচনে সিলেট বিভাগের ভোটের সমীকরণে নারী ভোটারদের উপস্থিতি ও সিদ্ধান্তই যে প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে—তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।