দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাম্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় সিলেট মহানগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সোলাইমান হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এস. মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ এবং সাংবাদিক উৎপল বড়ুয়া।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ এবং সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুম।
বক্তারা বলেন, রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। এ ধরনের সংগঠন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত ২০০-র বেশি স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সিলেট বিভাগের পক্ষ থেকে ২১টি স্বেচ্ছাসেবী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে এবং মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।