
সিলেট মহানগরীর পূর্ব স্টেডিয়াম মার্কেট এলাকায় একটি সেবামূলক প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনার শিকার হয়েছেন ‘স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার’-এর পরিচালক এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রোটারিয়ান স্বপ্না বেগম।
তিনি গত ২৬ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ফেসবুক লাইভ করা এক নারী, লাকী আহমেদ, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রতিষ্ঠানে বারবার লোক পাঠিয়ে চাঁদা দাবি করে আসছেন। সর্বশেষ গত ১৭, ১৮ ও ২১ এপ্রিল বিকাল ও সন্ধ্যায় ফোনে স্বপ্না বেগমকে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কথা বলা হয়, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখানো হয়নি।
অভিযোগ অনুযায়ী, লাকী আহমেদের পক্ষ থেকে কয়েকজন যুবক প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে ১৫ হাজার টাকা এবং পরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
স্বপ্না বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে, তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
আরও বলা হয়, প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত এক নারী কর্মীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ঘটনায় লাকী আহমেদ, বাপ্পী আহমেদ ও খাদিজা বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
স্বপ্না বেগম অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।