
সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ড্রাইভার কাজি মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটানো এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
সম্প্রতি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিলেট নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বিল্লাল হোসেন। এই সময়ের মধ্যে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় তিনি প্রায় এক কোটি টাকা মূল্যের বাড়ি নির্মাণ করেছেন। তার নামে ও বেনামে একাধিক ব্যবসা এবং বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা রয়েছে বলেও দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, টিটিসিতে ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের সঙ্গে তিনি জড়িত এবং এসব কাজে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। একই প্রতিষ্ঠানে তার স্ত্রীও কর্মরত আছেন বলে জানা গেছে।
এদিকে, অভিযোগ উঠেছে—তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন অভিযোগ তদন্তের আগেই প্রভাব খাটিয়ে তা বন্ধ বা স্থগিত করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত কাজি মো. বিল্লাল হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।