নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২২ নভেম্বর ২০২৫ , ১:৫১:২২ প্রিন্ট সংস্করণ
সিলেট সেনানিবাসে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে সেনানিবাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২১ নভেম্বরকে জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করে বলেন, “১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।”
তিনি সশস্ত্র বাহিনীর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গিবাদ প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
মেজর জেনারেল রিদওয়ানুর রহমান আরও বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করেছেন। বর্তমান সরকারও সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিসজ্জিত ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি ২০২২ সালের বন্যা, কোভিড–১৯ পরিস্থিতি এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে।
বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের সাহসিকতা, বীরত্ব ও অসামান্য অবদানের প্রসঙ্গ তুলে ধরে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (১৭ পদাতিক ডিভিশন) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
এতে সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, শহীদ পরিবারের সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানকে আরও বর্ণিল ও তাৎপর্যময় করে তোলে।




















