
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভায় উপদেষ্টা হিসেবে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।