
ভারত সীমান্তে কথিত হত্যা এবং পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।
রোববার (১০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “রক্তে রাঙা সীমান্ত, আর নয় আর নয়”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ”, “সীমান্তে মানুষ মারে, সরকার কী করে”—এমন বিভিন্ন স্লোগান দেন। তারা সীমান্ত হত্যা বন্ধ এবং পশ্চিমবঙ্গে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা মানবাধিকারের পরিপন্থী। এসব ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রগুলোতে হামলা এবং মসজিদে নামাজে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশি ট্যাগ দিয়ে সীমান্তে পুশ ইন করার মাধ্যমে নতুন করে সংকট তৈরির চেষ্টা চলছে।”
সংগঠনের সদস্যসচিব শাহীন মিয়া বলেন, “পূর্ববর্তী সময়েও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা দুঃখজনক।”
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।