
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি খাতে নারী শ্রমিকেরা একই ধরনের কাজ করেও পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুরি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বেলকা ইউনিয়নে ধান কাটার মৌসুমে নারী শ্রমিকেরা দিনে ৩৫০ টাকা এবং পুরুষ শ্রমিকেরা ৫০০ টাকা মজুরি পাচ্ছেন।
সরেজমিনে ও স্থানীয় শ্রমিকদের সূত্রে জানা গেছে, বেলকা ইউনিয়নের বাসিন্দা আছিয়া বেগম, ফেলানি বেগম ও আমেনা বেগমসহ চল্লিশোর্ধ্ব বয়সী অনেক নারী ধান কাটা, পাট ছাড়ানো ও নিড়ানিসহ কৃষির বিভিন্ন কাজ করেন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে তাঁরা ৩৫০ টাকা পান; যেখানে একই কাজে পুরুষ শ্রমিকের মজুরি ৫০০ টাকা। অর্থাৎ নারী শ্রমিকেরা প্রতিদিন ১৫০ টাকা কম পাচ্ছেন।
আমেনা বেগম বলেন, “সারা দিন কাজ করলে ৩০০ টাকা পাই, এক বেলা করলে ২০০ টাকা দেয়। সব সময় কাজ থাকে না; কাজ না থাকলে অন্যের বাড়িতে কাজ করে খাবার পাই।”
আছিয়া বেগম বলেন, “স্বামী অসুস্থ, সংসার ও জমির টুকটাক কাজ সামলে চলতে হয়। যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চলে।”
ফেলানি বেগম বলেন, “স্বামী নেই, ছেলে আলাদা থাকে। বয়স হলেও সংসারের প্রয়োজনে অন্যের জমিতে কাজ করতে হয়।”
স্থানীয় শ্রমিকদের হিসাব অনুযায়ী, দিনে ৩৫০ টাকা হিসেবে মাসে ২৬ দিন কাজ পেলে একজন নারী শ্রমিকের আয় দাঁড়ায় ৯ হাজার ১০০ টাকা; আর দিনে ৫০০ টাকা হিসেবে পুরুষ শ্রমিকের আয় ১৩ হাজার টাকা। তবে মৌসুম ও চাহিদার ওপর নির্ভর করায় নিয়মিত কাজ পাওয়া যায় না বলে জানান তাঁরা।
বেলকা ইউনিয়নের কিসামত সদর ওয়ার্ডের কৃষক আতিকুর রহমান বলেন, “পুরুষ শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় নারী শ্রমিক নিলে খরচ কম হয়। তবে তাঁরা পুরুষের মতো কাজ করতে পারেন না।”
সাংবাদিক সুদীপ্ত শামীম বলেন, “কৃষিতে নারীর অবদান থাকলেও মজুরি বৈষম্য ও স্বীকৃতির অভাব তাঁদের শ্রমের মর্যাদাকে ক্ষুণ্ন করছে।”
সমাজকর্মী রনজু মিয়া বলেন, “দৃষ্টিভঙ্গি ও অধিকার সম্পর্কে সচেতনতার অভাবে এ বৈষম্য তৈরি হচ্ছে। নারীরা সংগঠিত হলে ন্যায্য মজুরি আদায়ে ভূমিকা রাখতে পারবেন।”
সমাজকর্মী মেরিনা আক্তার বলেন, “সমান কাজে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করার পাশাপাশি নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও ঋণসুবিধা বাড়ানো প্রয়োজন।”
সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২২-এ কর্মজীবী নারীর ৭৪ শতাংশ কৃষিতে যুক্ত এবং জাতীয় পর্যায়ে কৃষিশ্রমিকের গড় দৈনিক মজুরি পুরুষের ক্ষেত্রে প্রায় ৬২৮ টাকা ও নারীর ক্ষেত্রে ৪৬১ টাকা। স্থানীয়ভাবে সুন্দরগঞ্জে প্রায় এক লাখ কৃষিশ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।