গাজীপুরের কালিয়াকৈরে ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী।
আজ শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানার সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, দূষিত পানি থেকে অসুস্থ হতে পারেন শ্রমিকরা।
পোশাক কারখানার এডমিন বিভাগের কর্মকর্তার মো. মাহমুদুল হাসান বলেন, সকালে শ্রমিকরা কারখানায় আসেন। কাজ শুরুর কিছুক্ষণ পরেই তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে বমি, মাথা ঘুরানো, পেটব্যাথা অনুভব করলে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়। আজকে পানি থেকে কোনো সমস্যা ছিল না। আমরা গত দুই দিন ধরে পানি ফিল্টার করেছি। অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েছেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, আজ সকাল সাড়ে ৯টা থেকে একে একে ৫০ জন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা দ্রুত তাদের চিকিৎসা শুরু করি। বর্তমানে ১৯ জন এই হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
প্রসঙ্গত, গত ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হন। এ ঘটনায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড থেকে পানির নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।