বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জাতীয় ফুটবল দলের হেড কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দলের সাম্প্রতিক ফলাফল বিবেচনায় নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল।
আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতার পর বিশ্বকাপে সেনেগালকে অন্যতম সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করে দলটি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায় সেনেগাল। এরপর শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শেষ পাঁচ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও সেই লিড ধরে রাখতে পারেনি। নির্ধারিত সময়ে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।
৪৫ বছর বয়সী থিয়াও আগামী সেপ্টেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্ব থেকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথাও ছিল। ২০২৫ সালের ফাইনালে মরক্কোর পক্ষে দেওয়া একটি পেনাল্টির প্রতিবাদে তিনি খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ঘটনার জেরেই তার বিরুদ্ধে এই শাস্তি নির্ধারণ করা হয়।
ফরাসি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। ডাকারে জন্ম নেওয়া এই সাবেক তারকা বর্তমানে সম্ভাব্য উত্তরসূরিদের অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।