প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১০১ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমের গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com