ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজারে মুদিদোকানি মো. আমির হোসেন হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কবির হোসেন, তার স্ত্রী মোছা. স্বপ্না, ভাই মো. হুমায়ুন, মো. ফালান ও মো. মিলন ওরফে নূরু।
মামলার বিবরণ থেকে জানা যায়, আমির হোসেনের ঢাকার পলাশীর মোড়ে চা-সিগারেটের দোকান ছিল। ঘটনার ৭ থেকে ৮ মাস আগে আসামি স্বপ্নার সাথে শহিদ মিনার এলাকায় আমিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি স্বপ্নাকে মারধর করেন। ঘটনার প্রতিশোধ নিতে জরুরি কথা আছে বলে আমিরকে ২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টার পরদোকান বন্ধের পর কবিরসহ চারজন কৌশলে সিএনজিতে করে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে স্বপ্না দাঁড়িয়েছিলেন। আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমির হোসেনের ওপর আক্রমণ করে। কবির চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পর দিন নিহতের ভাই মো. জাকির হোসেন র মোহাম্মদপুর থানায় ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
মামলার পর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ২০ ডিসেম্বর মোহাম্মদপুর থানার এসআই হোসনে মোবারক আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২৩ সালের ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।