মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৫৩:৪৩ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরালো হয়ে উঠছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের আলাকপুর গ্রামে তাহেরীর সমর্থনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গণমিছিলটি আলাকপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. গিয়াস উদ্দিন তাহেরী বলেন, নির্বাচিত হলে তিনি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সভায় স্থানীয় পাঁচ শতাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মী উপস্থিত থেকে তাহেরীর পক্ষে সমর্থন জানান। উপস্থিত জনতার স্লোগান ও অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।




















